দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের হরিদাসপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বারাইল এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে সমবয়সী এক প্রতিবেশীর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হলেও প্রথম দিন শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার সকালে সদর উপজেলার বারাইল এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/